শিরোনাম

ঢাকা, ৪ মার্চ ২০২৬ (বাসস) : নারী এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় থাকা ইরান দল বর্তমানে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে তারা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়।
বৃহস্পতিবার গোল্ড কোস্টে দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামবে। অথচ তাদের প্রিয় মাতৃভূমি ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় বিপর্যস্ত। ইন্টারনেট বন্ধ থাকায় খেলোয়াড় ও কর্মকর্তাদের পক্ষে দেশে থাকা পরিবারের সঙ্গে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দলীয় কোচ মারজিয়ে জাফারি জানান, অস্ট্রেলিয়ায় বসবাসরত ইরানি-অস্ট্রেলিয়ানদের সমর্থন পেয়ে তারা কৃতজ্ঞ।
তিনি অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে বলেন, “এখানে ইরানি-অস্ট্রেলিয়ানরা আমাদের সমর্থন করছে, এতে আমরা খুব খুশি। স্বাভাবিকভাবেই আমাদের পরিবার, প্রিয়জন এবং দেশের মানুষের জন্য আমরা খুব উদ্বিগ্ন। তাদের সঙ্গে আমাদের পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। এখানে আমরা পেশাদারভাবে ফুটবল খেলতে এসেছি এবং সামনে যে ম্যাচ আছে, সেটিতে মনোযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।”
২১ বছর বয়সী স্ট্রাইকার সারা দিদার কথা বলার সময় অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন। এসময় তিনি বলেন, “ইরান ও আমাদের পরিবার-প্রিয়জনদের সঙ্গে যা ঘটছে আমরা সবাই উদ্বিগ্ন এবং দুঃখিত।”
এশিয়ান ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দলটিকে “পূর্ণ সমর্থন ও সহায়তা” দিচ্ছে।
২০২২ সালে ভারতে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপে ইরান ইতিহাস গড়ে প্রথমবার অংশ নিয়েছিল।