শিরোনাম

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ‘বৈষম্যমূলক পরিবেশ’-এর অভিযোগ তুলে আগামী মাসে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ বয়কটের হুমকি দেওয় দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের সঙ্গে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে বলে মঙ্গলবার দেশটির ফুটবল কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়া নারী জাতীয় দল গত বছর অভিযোগ করেছিল, পুরুষ দলের তুলনায় কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে।
গত সেপ্টেম্বরে দেওয়া এক বিবৃতি, যা জানুয়ারিতে প্রকাশ্যে আসে তাতে বলা হয়, ভ্রমণ, অনুশীলন সুবিধা ও আবাসন সংক্রান্ত দাবিগুলো পূরণ না হলে এশিয়ান কাপের আগে খেলোয়াড়রা ম্যাচ ও অনুশীলন বয়কট করবেন।
কেএফএ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বিষয়টি সমাধান হয়েছে এবং তারা এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ১ মার্চ।
কেএফএ জানায়, চলতি বছর থেকে দীর্ঘপথের ভ্রমণের ক্ষেত্রে নারী দলের সব খেলোয়াড়দের বিজনেস ক্লাসে ভ্রমণের সুবিধা দেওয়া হবে।
সংস্থাটি আরও জানায়, তারা এমন একটি টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্সে সহায়তা করবে এবং জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে গর্ববোধ করার সুযোগ দেবে।
রোববার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ট্রেনিং সেন্টারে দলের সদস্যরা একত্রিত হবেন এবং চার দিন পর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়া স্বাগতিক অস্ট্রেলিয়া, ইরান ও ফিলিপাইনের সঙ্গে একই গ্রুপে প্রতিদ্বন্দ্বীতা করবে।
কোচ শিন সাং-উ’র দলে রয়েছেন সাবেক চেলসি মিডফিল্ডার জি সো-ইউন এবং যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অ্যাঞ্জেল সিটি এফসির ১৮ বছর বয়সী খেলোয়াড় কেসি ফেয়ার।
বিদেশভিত্তিক আটজন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে, যাদের মধ্যে এসি মিলানের পার্ক সু-জিয়ংও রয়েছেন।
আগামী ২ মার্চ গোল্ড কোস্টে ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু করবে দক্ষিণ কোরিয়া।