শিরোনাম

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করতে পারলেও, ব্যর্থ হয় আফগানিস্তান। তাই প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে আফগানরা। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য মাঠে নামছে প্রোটিয়ারা।
ভারতের আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক আইডেন মার্করামের ৩২ বলে ৫৯ রানের কল্যাণে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। ১০টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে ৫৯ রান করেন মার্করাম।
জবাবে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির বোলিং তোপে ৮ উইকেটে ১৫৬ রান তুলে হার বরণ করে নেয় কানাডা। এনগিদি ৪ উইকেট নেন।
কানাডার বিপক্ষে সহজে জিতলেও, আফগানিস্তান ম্যাচ নিয়ে সর্তক দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক মার্করাম বলেন, ‘আফগানিস্তান শক্তিশালী দল। তাদেরকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব এবং টানা দ্বিতীয় জয় তুলে নিতেই মাঠে নামব।’
নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ শুরু করে আফগানিস্তান। ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারলেও, বোলিংয়ে ব্যর্থ হয় আফগানরা। গুলবাদিন নাইবের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছিল আফগানিস্তান। ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে তিন নম্বরে নেমে ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৬৩ রান করেন নাইব।
এরপর বল হাতে দারুণ শুরু করেছিল আফগানিস্তান। দলীয় ১৪ রানের মধ্যে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। কিন্তু পরবর্তীতে টিম সেইফার্টের ৪২ বলে ৬৫, গ্লেন ফিলিপসের ২৫ বলে ৪২ রানের সুবাদে জয় পায় কিউইরা।
নিউজিল্যান্ডের কাছে হারের দুঃস্মৃতি ভুলে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া আফগানিস্তান।
দলের ওপেনার ও উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ বলেন, ‘প্রথম ম্যাচে ছোট-ছোট ভুলে আমরা হেরেছি।
আশা করছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচের ভুলের পুনরাবৃত্তি হবে না এবং তিন বিভাগেই দল ভাল পারফরমেন্স করবে। জয় নিয়েই মাঠ ছাড়ার লক্ষ্য আমাদের।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিনবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। বিশ্বকাপ মঞ্চে হওয়া সবগুলো ম্যাচই জিতেছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, জেসন স্মিথ, ডনোভান ফেরেইরা, টনি ডি জর্জি, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, কর্বিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিচ নর্টি ও কোয়েনা মাফাকা।
আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমারজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমাদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমাদজাই।