বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সংগৃহীত

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করতে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য অসিদের। প্রথম হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড। 

শ্রীলংকার কলম্বোতে ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় মাঠে নামবে আয়ারল্যান্ড-অস্ট্রেলিয়া। 

গত ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর পর সব দল মাঠে নামলেও, এখন পর্যন্ত কোন ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। 

চলতি বিশ্বকাপের ১৩টি ম্যাচ শেষ হবার পর অবশেষে মাঠে নামবে অসিরা। 

এবারের বিশ্বকাপে দলের সেরা পেসারদের ছাড়া মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিসের ইনজুরির কারণে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ছিটকে যান অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। 

তবে হ্যাজেলউডের জায়গায় দলে কাউকে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ‘ট্রাভেলিং রিজার্ভ’ হিসেবে দলে রাখা হয়েছে শন অ্যাবটকে।

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলবেন না আরেক পেসার এবং টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও। তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পান বেন ডোয়ার্শিস।

আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরুর কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ জয়ের জন্য এখানে এসেছি। এজন্য আমাদের ভাল শুরু দরকার। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’

হারের বৃত্তে থেকেই বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা। 

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচই ছিল বিশ্বকাপের মঞ্চে। 

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ২০ রানে হারে আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে অঘটনের জন্ম দিতে চায় আইরিশরা। দলের অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ব্যাটিং ব্যর্থতায় হেরেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে নিয়েছে ব্যাটাররা। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অতীত রেকর্ড পাল্টে দিতে চাই আমরা।’

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ের বার্টলেট, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, ম্যাথু হামফ্রিজ, জশ লিটল, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকাকার্থি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, হ্যারি টেক্টর, টিম টেক্টর, বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।