বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৬

টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করলেন মৎস্য প্রতিমন্ত্রী

ছবি: বাসস

টাঙ্গাইল, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ টাঙ্গাইলের আটপুকুরপাড় এলাকায় অবস্থিত মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি খামারের বিভিন্ন অবকাঠামো ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি খামারের পুকুর, হ্যাচারি, পোনা উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। পরে তিনি খামার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী খামারের মৎস্যবীজ উৎপাদনের বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদনের বিকল্প নেই। নিরাপদ ও মানসম্পন্ন মৎস্যবীজ উৎপাদনের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে।

সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, সৌরশক্তিনির্ভর এ উদ্যোগ খামারের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও টেকসই ও সাশ্রয়ী করবে। সরকারি খামারগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।

পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি মৎস্য খামারেও এ ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. মশিউর রহমান, টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীরসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।