বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩২

পিরোজপুরে মেয়াদোত্তীর্ণ ৩১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : পিরোজপুর জেলার মেয়াদোত্তীর্ণ ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা গত ৯ সেপ্টেম্বর এই প্রশাসনিক অনুমোদন দেয়। পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, কাউখালী, জিয়ানগর, নেছারাবাদ, পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলার ৩১টি ইউনিয়ন পরিষদে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদন পাওয়া তালিকা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:

কাউখালী উপজেলা: ২ নম্বর আমড়াজুড়ি ইউনিয়নে উপজেলা আইসিটি অফিসার মো. মেহেদী হাসান।

জিয়ানগর উপজেলা: ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা ফাহাদ রহমান।

নেছারাবাদ উপজেলা: ১ নম্বর বলদিয়া ইউনিয়নে উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক বশির আহমেদ, ২ নম্বর সোহাগদলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিলী, ৩ নম্বর স্বরূপকাঠীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ, ৪ নম্বর আটঘর কুড়িয়ানায় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ৫ নম্বর জলাবাড়ীতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ৬ নম্বর দৈহারীতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জল কুমার দেবনাথ, ৭ নম্বর গুয়ারেখায় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিশ্বজিৎ বিশ্বাস, ৮ নম্বর সমুদয়কাঠীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জিহাদ হোসেন, ৯ নম্বর সুটিয়াকাঠীতে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আরিফুর রহমান এবং ১০ নম্বর সারেংকাঠীতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রফিকুল ইসলাম।

পিরোজপুর সদর উপজেলা: ২ নম্বর কদমতলা ইউনিয়নে পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ, ৪ নম্বর কালাখালী ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহিদুজ্জামান খান, ৫ নম্বর টোনা ইউনিয়নে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান এবং ৬ নম্বর শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন।

ভাণ্ডারিয়া উপজেলা: ১ নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, ২ নম্বর নদমূলা-শিয়ালকাঠীতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, ৩ নম্বর তেলিখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রুস্তম আলী, ৫ নম্বর ধাওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং ৭ নম্বর গৌরীপুরে উপজেলা সমবায় কর্মকর্তা মো. মইনুল হাসান।

নাজিরপুর উপজেলা: ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মনজুর এলাহী, ২ নম্বর মালিখালীতে উপজেলা আইসিটি অফিসার লিডাম পল বালা, ৬ নম্বর নাজিরপুর সদরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মেহেদি হাসান এবং ৭ নম্বর সেখমাটিয়ায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান মিল্টন।

মঠবাড়িয়া উপজেলা: ১ নম্বর তুষখালী ইউনিয়নে সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান, ৩ নম্বর মিরুখালীতে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইব্রাহিম খান, ৭ নম্বর বেতমোড় রাজপাড়ায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ৮ নম্বর আমড়াগাছিয়ায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, ৯ নম্বর সাপলেজায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম এবং ১০ নম্বর হলতা গুলিশাখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. কামরুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৪-এর ১৮(১) ধারা মেনে নিয়োগের তারিখ থেকে এসব প্রশাসক ও সদস্যরা এক মেয়াদে সর্বোচ্চ ১২০ দিন দায়িত্ব পালন করতে পারবেন।

তবে প্রাকৃতিক দুর্যোগ, অতিমারি বা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে সময়মতো নির্বাচন করা সম্ভব না হলে, সময় বাড়ানোর কারণ উল্লেখ করে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।