বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৮

শাহজালাল বিমানবন্দরে ফেব্রিক রোলে লুকানো ১৬৫৫ মোবাইল জব্দ

ছবি : বাসস

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : গার্মেন্টস ফেব্রিক আমদানির ঘোষণা দিয়ে বিশেষ কৌশলে ফেব্রিক রোলের ভেতরে লুকিয়ে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় অভিযান চালিয়ে আজ ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার এফএফ কার্গো আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আনা একটি চালানে এ তল্লাশি চালিয়ে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

তল্লাশির একপর্যায়ে আমদানি করা ফেব্রিক রোল পরীক্ষা করতে গিয়ে কর্মকর্তাদের সন্দেহ হলে তা খুলে দেখা যায়, কাপড়ের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুলসংখ্যক মোবাইল ফোন। প্রাথমিকভাবে মোট ১ হাজার ৬৫৫টি দামি মোবাইল ফোন পাওয়ার তথ্য নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চালানটির ঘোষণা ছিল গার্মেন্টস ফেব্রিক। কিন্তু তল্লাশি করে ফেব্রিক রোলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১ হাজার ৬৫৫টি দামি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।’

তিনি জানান, চালানটি গত ৩১ আগস্ট হংকং এয়ার কার্গোর আরএইচ-৬৬৫১ ফ্লাইটে হংকং, চীন হয়ে বাংলাদেশে আসে। এয়ারওয়ে বিল নম্বর ৮২৮-৫৬৭৮২৪১২।

কাস্টমস গোয়েন্দারা জানান, বৈধভাবে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-কর ও অন্যান্য বিধিবিধান অনুসরণ করতে হয়। কিন্তু ফেব্রিকের চালানের মধ্যে মোবাইল লুকিয়ে আনার ঘটনায় পণ্যের প্রকৃত পরিচয় গোপন করে শুল্ক-কর ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে এই চালানের সঙ্গে কারা জড়িত, পণ্যগুলো কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং এর আগে একই পদ্ধতিতে কোনো চালান বিমানবন্দর দিয়ে খালাস হয়েছে কি না, এসব বিষয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে তদন্ত করছে।