বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

মেটলাইফের ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ‘৩৬০ হেলথ স্কোর’ ফিচার চালু

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘৩৬০ হেলথ স্কোর’ নামে নতুন একটি ফিচার চালু করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন এ ফিচারের উদ্বোধন করেন।

মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক নিয়ে ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি একই ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক সুরক্ষা, বীমা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রদান করছে। নতুন ‘৩৬০ হেলথ স্কোর’ ফিচারের মাধ্যমে গ্রাহকরা তাদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতার অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন।

এতে বলা হয়, বিশেষ স্কোরিং সিস্টেম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মাধ্যমে ফিচারটি গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ বলেন, আমাদের ডিজিটাল সেবায় ‘৩৬০ হেলথ স্কোর’ একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ডিজিটাল সেবার পরিধি দ্রুত বাড়ছে। স্বাস্থ্যকর জীবনযাপন, আর্থিক সচেতনতা ও সুস্থতা বজায় রাখার এ ধরনের সুযোগ ব্যক্তি ও পরিবারকে আরও কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

মেটলাইফ জানায়, দেশের অন্যতম শীর্ষ জীবনবিমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি উদ্ভাবন, উন্নত সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে বীমা খাতের অগ্রগতিতে ভূমিকা রাখছে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি বর্তমানে ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।