শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জরুরি মেরামত কাজের জন্য লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার-সোনাপুর সড়কের কালিরখাল বেইলী সেতুতে মোট তিন দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে আজ (সোমবার) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লক্ষ্মীপুর সড়ক বিভাগের আওতাধীন জেড-১৪০৫ নম্বর সড়কের চেইনেজ ৪২+৩৫০ মিটারে অবস্থিত কালিরখাল বেইলী সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির জরুরি মেরামত কাজ সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টা থেকে ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ৮টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মেরামত চলাকালে লক্ষ্মীপুর থেকে চর আলেকজান্ডার হয়ে সোনাপুরে যাতায়াতকারী যানবাহন ও সাধারণ যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সওজ কর্তৃপক্ষ।
সেতু বন্ধ থাকায় সাময়িকভাবে যাতায়াতে ভোগান্তি হতে পারে উল্লেখ করে এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে লক্ষ্মীপুর সড়ক বিভাগ।