শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাব-ইন্সপেক্টর (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মুন্সীগঞ্জ ও ঢাকার আমিনবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঘটনার পরপরই তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-১০ মুন্সীগঞ্জ থেকে চার আসামিকে গ্রেফতার করে। পাশাপাশি একই সময়ে র্যাব-৪ আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে বাকি চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।”
র্যাব-১০-এর হাতে গ্রেফতারকৃতরা হলেন— আমিনবাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)। অন্যদিকে র্যাব-৪-এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন—নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. রাকিব মিয়া (২৮), সাব্বির আহম্মেদ (২৪) ও মো. ওয়াসিম (৪০)।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার রাতে সাভারের বড়দেশী এলাকায় একটি প্রাইভেটকারের চালক ও তার সহযোগীরা স্থানীয় এক অটোরিকশা গ্যারেজের মালিককে বেধড়ক মারধর করছিলেন। এসআই আলতাফ হোসেন এতে বাধা দিলে ও প্রতিবাদ জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
র্যাবের তথ্য অনুযায়ী, হামলাকারীরা একপর্যায়ে নিকটস্থ একটি তৈরি পোশাক কারখানার গেট ভেঙে লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলের ওপর চড়াও হয় এবং তাদের পিটিয়ে মারাত্মক জখম করে।
গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেন ও তার ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।