শিরোনাম

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৩৬ , ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৬১, তেজগাঁও বিভাগ ৫৬, মিরপুর বিভাগ ১৪০, গুলশান বিভাগ ৫৯, উত্তরা বিভাগ ৫৭ ও গোয়েন্দা বিভাগ ৭ জন।
অভিযানকালে দুইটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুইটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একটি হাত বোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুইটি স্টিলের ব্যাটন, দুইটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইল, নগদ ১৪ হাজার টাকা, একটি ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপার ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।