বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০

বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন

ছবি: বাসস

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সি ব্লকে ১১ শয্যার নতুন আইসিইউ-১ ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

আজ (শনিবার) অধ্যাপক ডা. সামাদ সেমিনার হলে বিএমইউর সি ব্লকে ১০ম তলায় ১১ শয্যা বিশিষ্ট আইসিইউ-১ ইউনিটের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। 

এ সময়ে তিনি সম্পন্ন হওয়া ৫টি কোর্সের ৮১ জন নার্সের মাঝে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ করেন।

অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, রোটারী ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।  

প্রধান অতিথির বক্তব্যে এফ এম সিদ্দিকী বলেন, একটি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসা ব্যবস্থাপনা নির্ভর করে চিকিৎসক ও নার্সদের ওপরে। মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং সেবার প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে নার্সিং সেবার প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। রোগীদের প্রয়োজনেই এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে। 

মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং পেশা বিশ্বে একটি হাইস্কিলড ও নোবেল প্রফেশন। জ্ঞানে, প্রশিক্ষণে ও দক্ষতা অর্জনের মাধ্যমে নার্সরা যাতে রোগীদের সেবায় সবটুকু দিতে পারে সে লক্ষ্যে বিএমইউ প্রশাসন কাজ করে যাচ্ছে।