বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫

রাজধানীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, কারখানার জরিমানা

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): রাজধানীর মিরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরী করে নামী-দামি দোকানে সরবরাহের অভিযোগে নামবিহীন একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মিরপুরের ই-১, ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠানটি কোনো মান সনদ বা লাইসেন্স গ্রহণ না করেই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছিল। 

অভিযানের সময় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির চিত্র পাওয়া যায়।

অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি ও কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হতো।

বিএসটিআই জানায়, ভোক্তারা নামী-দামি ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কিনলেও অনেক ক্ষেত্রে এসব পণ্য কোথায়, কী পরিবেশে এবং কীভাবে উৎপাদিত হচ্ছে সে সম্পর্কে অবগত থাকেন না। অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্য এভাবে সরবরাহের ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত মানোন্নয়ন, বিএসটিআইয়’র মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ এবং কেবল অনুমোদিত পণ্য বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিযানে বিএসটিআইয়’র প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।