বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫০

সরকারি কর্তব্য পালনকালে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সরকারি কর্তব্য পালনকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ জন সদস্যের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় বাহিনীর অপর ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কিউ-আর-এফ (কুইক রেসপন্স ফোর্স) -এর দায়িত্ব পালনকালে বিমান বাহিনীর ৭ জন সদস্য বহনকারী বিমান বাহিনীর একটি জিপ মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। 

সিএমএইচ-এর কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশ বিমান বাহিনীর ৩ জন সদস্য-ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এছাড়া, উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ বিমান বাহিনীর অপর ৪ জন সদস্য বর্তমানে সিএমএইচে  চিকিৎসাধীন রয়েছেন।  
     
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অদ্যাবধি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যাত্রীবৃন্দের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে নিরলস দায়িত্ব পালন করছেন। 

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানাজা নামাজে অংশগ্রহণ করেন।  

এসময়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মরহুমদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়াও, অনুষ্ঠানে মরহুমদের পরিবারের সদস্য, প্রাক্তন বিমান বাহিনী প্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। 

জানাজা শেষে, মরহুমদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, বিমান বাহিনীর প্রতিনিধিদল যথাযথ সামরিক মর্যাদায় মরহুমদের দাফনকার্য সম্পন্ন করবে।

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উক্ত দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।