বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪

সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাতবার্ষিকী পালন

ছবি : আইএসপিআর

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ মঙ্গলবার সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদাত বার্ষিকী পালন করেছে।

এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে।

এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। দুর্ঘটনায় একই সঙ্গে স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাতবরণ করেন।

আজকের এই দিনে, বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলসমূহে বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ মরহুমবৃন্দের কবরে ফাতেহা পাঠের আয়োজন করা হয়।