শিরোনাম

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ঢাকার সাভারে ধ্বসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট জনের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
আজ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবীর এ দিন ধার্য করেন।
আজ এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। আদালত রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ১৬ আগস্ট মামলাটির রায় ঘোষণার জন্য আজ ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছিল।
দুদকের পাবলিক প্রসিকিউটর ইশতিয়াক আহমেদ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন। ঘটনার পরপরই ভবন নির্মাণে দুর্নীতির অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম। ভবনটি সোহেল রানার বাবার নামে হওয়ায় ওই সময় মূল অভিযুক্ত সোহেল রানাকে বাদ দিয়েই তার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সোহেল রানাই ভবনের মূল দেখভালকারী ছিল প্রমাণিত হলে তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগপত্র জমা থেকে শুরু করে তৃতীয় দফায় ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক সোহেল রানা ও বাবা-মাসহ ১৮ জনকে আসামি করে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
২০১৭ সালের ২১ মে রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মোহাম্মদ আলী খানসহ আটজনকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়।
মামলার বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।