বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ২০:০৪

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২২ 

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানিয়ে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৬৮ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করে। 

অভিযানকালে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, ২টি চাকু, ৯টি মোবাইলফোন জব্দ করা হয়। এছাড়াও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।