শিরোনাম

রাজশাহী, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা আরো ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ রাসিকের পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগের সকলকে আরো কার্যকর ভূমিকা রাখতে আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে নগরবাসীর কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকমুক্ত যুব সমাজ গড়তে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামীতে প্রশাসক কাপ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। ওয়ার্ড পর্যায়ে খেলার ও ফুটসাল স্থাপনে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা এবং রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।