শিরোনাম

নাটোর, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত নাটোরের রবিউলের মরদেহ আজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এরআগে সকাল ১০টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা ভট্টপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দেশে পৌঁছায়। বৃহস্পতিবার রাতেই প্রশাসনের সহায়তায় রবিউলের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে পৌঁছায়। পরিচয় নিশ্চিত হওয়াদের মধ্যে রবিউল ইসলামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। নিহত রবিউল ইসলাম মহিষডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
নলডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম হোসেন বাসস’কে জানান, বৃহস্পতিবার রাতেই রবিউলের মরদেহ তার বাড়িতে পৌঁছায়। আজ সকালে জানাজা শেষে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। সৌদি আরবে নিহত নলডাঙ্গার আরও দু’জনের মরদেহ শনাক্ত ও যাচাই-বাছাই শেষে দ্রুত নিয়ে আসার প্রক্রিয়া চলছে।