বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৬:১০

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযানে চলতি বছরের ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করেছে।

একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে গ্রেফতার হয়েছে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। বিশেষ অভিযান এবং অন্যান্য মামলায় মোট গ্রেফতার হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

আজ বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩শ’ টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১৫৩টি, শুটারগান ৪৮টি, এলজি ৪৫টি, রিভলভার ২৬টি, বন্দুক ১০৮টি, পাইপগান ২৬টি, শটগান ৭টি, রাইফেল ৭টি, এসএমজি ৩টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

অভিযান চলাকালে পুলিশ ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোয়িন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা ও ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।