শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে নাগরিকদের চলাচলের সুবিধা বৃদ্ধি ও নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পর্যায়ক্রমে ডেকোরেটিভ স্মার্ট লাইট পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ রোববার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের খামারবাড়ি গোলচত্বর এলাকায় ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, ঢাকা নগরীকে আরও আলোকিত, আধুনিক ও নান্দনিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ প্রকল্প গ্রহণ করেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যায়ক্রমে আধুনিক ডেকোরেটিভ পোল স্থাপনের মাধ্যমে রাতের চলাচল আরও নিরাপদ ও আরামদায়ক করার পাশাপাশি নগরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এসব ডেকোরেটিভ পোলের নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি কর্পোরেশন পালন করবে। তবে নগরীর উন্নয়ন ও জনসম্পদের সুরক্ষায় নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
শফিকুল ইসলাম খান বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলাই ডিএনসিসির লক্ষ্য।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।