শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলি ও মোটরসাইকেলসহ মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে মিরপুর মডেল থানার দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ সংলগ্ন টি-ভ্যালি এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানার একটি টিম। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। কিন্তু না থেমে তারা পালানোর চেষ্টা করে। পরে, পুলিশ তাদের ধাওয়া করে আটক করে এবং তাদের দেহ তল্লাশি করে একজনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং অপরজনের কাছ থেকে থেকে একটি ম্যাগাজিনে রক্ষিত ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত পিস্তল ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।