বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৬:২৭

ঢাকায় ১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন বলে আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেলার এবারের প্রতিপাদ্য- ‘ইনোভেট টু মার্কেট’। মেলা বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সব অংশীদারকে এক ছাদের নিচে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন-ডলার’ সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়াই এই মেলার মূল লক্ষ্য।

এই মেলায় ১৫০ টিরও অধিক ইনোভেশন শোকেস থাকবে, যেখানে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন ঘটবে। সেইসঙ্গে, ১৫ টিরও অধিক সেশন ও ডায়ালগে খাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের আলোচনা থাকবে। এবং একটি বিশেষ ইনোভেশন হাব তথা নতুন ধারণা ও প্রযুক্তির কেন্দ্রস্থল হবে এ ইনোভেশন ফেয়ার।

৫০ টিরও অধিক ইন্ডাস্ট্রি এক্সপার্টস’র উপস্থিতি তথা ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞগণ। ৫০ টিরও বেশি কর্পোরেট, শিল্প ও বাণিজ্যিক খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিতি থাকবে এই মেলায়।

আগামী ৩০ আগস্ট তারিখের মধ্যে মেলায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি, শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান, কর্পোরেট, ইন্ডাস্ট্রি, এমএনসি, সরকারি সংস্থা, আইএনজিও, এনজিও, এসএমই বা সার্ভিস প্রোভাইডার, স্টার্ট-আপ বা আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আমন্ত্রণ জানিয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।

আগ্রহীদের নিবন্ধনের জন্য www.innovationfairbd.org ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে।