বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৫:৩১

ডিএসসিসি’র সমন্বিত অভিযান : সেবায় গাফিলতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবায় কোনো ধরণের গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন ডিএসসিসি’র যেকোনো এলাকায় আকস্মিক পরিদর্শন করে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়, সড়কবাতি ও প্রকৌশলসহ নাগরিক সেবার মান যাচাই করা হবে। সেবাদানে কোনো বিভাগের বিন্দুমাত্র গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় এবং ফুটপাত দখলমুক্তকরণে ডিএসসিসির সব বিভাগের অংশগ্রহণে পরিচালিত সমন্বিত অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ‘কেবল নগর ভবনে বসে থেকে ঢাকা দক্ষিণের মতো বিশাল এলাকা কার্যকরভাবে পরিচালনা সম্ভব নয়। সে কারণেই আমরা অঞ্চলভিত্তিক গণশুনানি চালু করেছি। সরাসরি এলাকায় গিয়ে নাগরিকদের সমস্যার কথা শুনেছি ও পরামর্শ নিয়েছি এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, গত পাঁচ মাস ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ নাগরিক—উভয়পক্ষকেই সচেতন হতে অনুরোধ ও সহযোগিতা কামনা করা হয়েছে। এখন চূড়ান্তভাবে মাঠে নেমে তদারকি করার সময় এসেছে।

নাগরিকদের দায়িত্বের বিষয়ে সতর্ক করে প্রশাসক বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা কিংবা পানি জমিয়ে এডিস মশার লার্ভা সৃষ্টির পরিবেশ তৈরি করলে আইন অনুযায়ী কঠোর জরিমানা করা হবে। সবার সচেতনতা ও সমন্বিত সহযোগিতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অভিযানকালে প্রশাসক ফুটপাত, বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় ট্রেড লাইসেন্স পরীক্ষা করা হয় এবং ফুটপাতে অবৈধভাবে বসানো ভ্রাম্যমাণ দোকান বাজেয়াপ্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে ডিএসসিসির তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ‘এ হোসাইন বিল্ডার’কে দণ্ডবিধির ২৬৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘রসুই’ রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধ পার্কিংয়ের জন্য ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ ধরণের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।