শিরোনাম

রাঙ্গামাটি, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : তিন মাস ১৫দিন বন্ধ থাকার পর আবারো দেশের সর্ববৃহৎ কৃত্রিম লেক জেলার কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, সরবরাহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে।
সোমবার মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকার শুরু করায় রাঙ্গামাটির বিএফডিসি’র ল্যান্ডিং ঘাটে মৎস্য ব্যসায়ীসহ জেলেদের মাঝে ফিরেছে প্রাণ চাঞ্চল্য।
মৎস্য আহরণ শুরু হওয়ায় খুলে দেয়া হয়েছে জেলার সকল বরফ কল। আজ মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটির ৪ টি ল্যান্ডিং ঘাটে মাছ আসতে শুরু করেছে।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতকরণসহ কাপ্তাই হ্রদের প্রাকৃতিক পরিবেশকে মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশে গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে মাছ শিকার নিষিদ্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাস ১৫ দিন পর সোমবার মধ্যরাত থেকে আবারো মাছ শিকার উন্মুক্ত করে দেয়া হয়। সোমবার মধ্যরাত থেকে প্রশাসন থেকে মাছ শিকারের নিষিদ্ধের আদেশ তুলে নেয়ায় জেলেরা আবারো মাছ শিকার শুরু করে।
রাঙ্গামাটির মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর বাসস’কে বলেন, দীর্ঘ ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারো মাছ আহরণ শুরু হওয়ায় আমরা মৎস্য ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসায়ীসহ সকলে অত্যন্ত খুশি।
তিনি বলেন, এবার মাছের সাইজ একটু ছোট দেখা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই বুঝা যাবে কি রকম মাছ ধরা পড়ছে। মাছের সাইজ বড় হলে লাভের মুখ দেখবো।
রাঙ্গামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বাসস’কে বলেন, কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধের পর মাছ আহরণ শুরু হওয়ায় রাঙ্গামাটির বিএফডিসির ল্যান্ডিং ঘাটে প্রথম দিনে প্রচুর পরিমাণ মাছ এসেছে এবং এবার সাইজ একটু ছোট হলেও আগামী কিছু দিনের মধ্যে মাছের আকার বড় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তারের কারণে মাছের উৎপাদন আগামী দিনের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি বিএফডিসি’র ব্যবস্থাপক।
কাপ্তাই হ্রদের বিশাল জলরাশি রাঙ্গামাটির অর্থনীতি ও বিপুল সংখ্যক মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ আহরণ বন্ধ রেখে প্রজননের সুযোগ সৃষ্টি এবং পরে নির্ধারিত নিয়ম মেনে মাছ শিকার উন্মুক্ত করার মাধ্যমে মৎস্য সম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দীর্ঘ তিন মাস ১৫ দিন পর আবারো পুরোদমে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হওয়ায় রাঙ্গামাটিসহ ৪টি মৎস্য অবতরণ ঘাটে ফিরেছে প্রাণ চাঞ্চল্যে।