শিরোনাম

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস): নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া-মোনাজাত করেন অ্যাটর্নি জেনারেল। এসময় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হকসহ নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাত শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘আইনের ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে ভূমিকা সেটা আমরা যারা আইনজীবী তারা প্রতিদিন লক্ষ্য করি। আজকে যে বিচার বিভাগ স্বাধীন, সেটির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। তাঁরা যে নীতি এবং আদর্শ মেনে জীবন কাটিয়ে গেছেন আমরা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সেটা অনুসরণ করে আমাদের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকার ও পেশাদারিত্ব বজায় রাখবো। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান সেটি প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব।’
অপতথ্য প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রায় নানামুখী ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং, যেকোনো ঠুনকো অপতথ্য, মিথ্যা তথ্য বা খণ্ডিত তথ্য দিয়ে যেন আগামী দিনের বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত না হয় সে ব্যাপারে গণমাধ্যমের প্রতি আমার আহ্বান থাকবে।
বিএনপি সরকার গঠনের পর গত ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। আর পূর্বের সকল নিয়োগ বাতিল করে গত ৩০ জুলাই ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।