বাসস
  ২৯ আগস্ট ২০২৬, ২১:৫২

সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলায় সেমিনার ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার স্মরণে সেমিনার ও নাটক মঞ্চস্থ হয়েছে।

একাডেমির আয়োজনে আজ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় বিকেল ৪টায় জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়  ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের পরিধি’ শীর্ষক সেমিনার।

এসময় ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের পরিধি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক রুবাইয়াত আহমেদ। 

প্রবন্ধের উপর প্যানেল আলোচক হিসেবে মতামত ব্যক্ত করেন করেন আজাদ আবুল কালাম, অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা এবং ড. শাহমান মৈশান।

এ ছাড়াও প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন জাহিদ রিপন, কামরুল হাসান খান ও আবু সাঈদ তুলু। 

প্রবন্ধের উপর আলোচনার পাশাপাশি নাট্য জগতে সেলিম আল দীনের ভূমিকা, বর্তমান মঞ্চ নাটকের অবস্থান ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন তারা।

সেলিম আল দীন নিজস্ব নাট্যধারার ক্ষেত্রে শ্রম দিয়ে যে জগৎ তৈরি করেছেন তা উল্লেখ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘আমরা শিল্পকলা একাডেমিতে নতুন নাটকের একটা জগৎ তৈরি করতে চাই। আমরা আশা করছি নাট্যকর্মী হিসেবে আপনারা এগিয়ে আসবেন এবং তাতে অবদান রাখবেন।’

সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হয় সেলিম আল দীন রচিত নাটক ‘পুত্র’।