শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে দেশের সব পৌরসভাকে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে গত মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সেখানে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনার ১৮০তম দিন অর্থাৎ আগামী ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
এ লক্ষ্যে অধিক্ষেত্রভুক্ত সব পৌরসভাকে ১৬ আগস্ট পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতির তথ্য সংবলিত প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিবেদনটি Nikosh Font-এ ওয়ার্ড ফাইল আকারে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি প্রতিবেদনটির হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখায় বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত চিঠিটি দেশের সব বিভাগীয় স্থানীয় সরকার পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট নির্দেশনাটি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্য বিভাগের সিস্টেম অ্যানালিস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।