শিরোনাম

ঢাকা, ২১ জুলাই , ২০২৬ (বাসস) : ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ফ্যামিলি কার্ড চাওয়ায় চেয়ার দিয়ে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান নারীদেরকে মারধর করেছে -এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি ভারতের মধ্যপ্রদেশের ঘটনা। গত জুন মাসে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা নিয়ে রাজ্যটির টিকামগড়ের জাটারা পৌর পরিষদের বিদ্যুৎ অফিসে কর্মচারী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি সেই ঘটনার দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করছে। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।