শিরোনাম

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বিকেলে শুনানি শেষে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট-৫ এর বিচারক সাদিক আহম্মেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গ্রেফতারি পরোয়ানামূলে রাজধানীর ইসিবি চত্বর থেকে সাহেদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা মূলে তাকে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট-৫ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালে ব্যবসার জন্য মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কাছে ২ কোটি ১৬ লাখ টাকা লোন নেন তিনি। ব্যাংক লোনের বিপরীতে সিকিউরিটির জন্য ২ কোটি ১৬ লাখ টাকার সমপরিমাণ একটি চেক জমা দেন। পরবর্তী সময়ে সেই লোনের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজাইনার করেন। ওই ঘটনায় ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের ১৩৮ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি অনুষ্ঠানিকভাবে বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেওয়া হয়।
মামলার বিচার প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৪ মে রায় ঘোষণা করেন ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ কোর্ট-৫। রায়ে তার এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।