বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৮:০৩
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৮:২০

বীরশ্রেষ্ঠ মতিউরের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় অপপ্রচার শনাক্ত

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপি-কে জড়িয়ে অপপ্রচার করে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপি-কে জড়িয়ে অপপ্রচার শনাক্ত করা হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে বিএনপির শাসনামলে ইচ্ছাকৃতভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছেÑ এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবিটি মিথ্যা এবং এটি বিএনপির শাসনামলের ঘটনা না।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের কারণে নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউরনগর স্থাপনাটি সাময়িকভাবে ভেঙে রাস্তার কাজ শেষে আবার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার মাধ্যমে এবং গণমাধ্যম সূত্রে জানা গেছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে স্থানান্তরিত নান্দনিক স্মৃতি ম্যুরাল গত ২ জুন উদ্বোধন করা হয়।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।