বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৭:৩৪

লাশ ভাসার পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

ছবি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : লাশ ভাসিয়ে দেওয়ার পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির বলে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, লাশ ভাসিয়ে দেওয়ার পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির বলে অপপ্রচার শনাক্ত করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতিতে কলা গাছের ভেলায় লাশ ভাসিয়ে দেওয়ার দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির নয়। ২০২৪ সালের আগস্ট থেকে ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

এই ভিডিও ছড়িয়ে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার করছে বিভিন্ন মহল। ফ্যাক্টচেক করে দেখা গেছে, বন্যা নিয়ে  এরূপ কোনো বাস্তবতা বিরাজমান নেই। লাশ ভাসিয়ে দেওয়ার এ ভিডিও কয়েক বছর ধরেই বিভিন্ন সনয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।