শিরোনাম

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ (বাসস) : শহীদ আবু সাঈদ চত্বরের ছবি বলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, শহীদ আবু সাঈদ চত্বরের ছবি দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। যাচাই করে দেখা গেছে, ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং কয়েকটি ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট-চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। প্রতিষ্ঠানটি নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে প্রকৃত তথ্য তুলে ধরে। একই সঙ্গে গণমাধ্যম ও সংবাদ বিষয়ে গবেষণাও পরিচালনা করে।
বাংলাফ্যাক্ট ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে। বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।