শিরোনাম

ঢাকা, ৮ জুলাই, ২০২৬ (বাসস): জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন আরো জনমুখী করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক ‘শিল্পী সম্মেলন ও মতবিনিময়’ সভার আয়োজন করা হয়েছে।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আগামী ১২ জুলাই (রোববার) সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করবে।
জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান তুলে ধরতেই মূলত এই সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই আয়োজনের মূল লক্ষ্য হলো নজরুল বর্ষ উদযাপনে শিল্পকলা একাডেমির গৃহীত পরিকল্পনাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং দেশের বিভিন্ন শিল্পমাধ্যমের শিল্পীদের মতামতের ভিত্তিতে কর্মসূচিগুলো আরও সমৃদ্ধ করা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দীন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দেশের সব শিল্পীকে এই শিল্পী সম্মেলন ও মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুচিন্তিত মতামত নজরুল বর্ষের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সার্থক করে তুলবে।