বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ০০:০৫
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০০:০৭

কেরানীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে আমান উল্লাহ আমান, শিক্ষার্থীদের দিলেন প্রধানমন্ত্রীর বার্তা

ছবি: বাসস

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এমপি কেরানীগঞ্জের হজরতপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি নিয়মানুবর্তিতা রক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা ও দিকনির্দেশনা পৌঁছে দেন।

আজ রোববার বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শ্রেণি কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।

বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কম উপস্থিতি ও শৃঙ্খলার ঘাটতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান। দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহিতা ঘাটতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ বিগত ১৭ বছর ধরে যে জবাবদিহিতার অভাব ছিল, তা আর চলতে দেওয়া হবে না।’

ছবি: বাসস

অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবিলম্বে নবম শ্রেণির সংশ্লিষ্ট ক্লাস টিচার পরিবর্তনের নির্দেশ দেন। অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রতিদিন পাঠদান শেষে অভিভাবকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশনাও দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান বলেন, ‘তোমাদের জীবনে অনেক বড় হতে হবে, বড় কর্মকর্তা বা ব্যবসায়ী হয়ে দেশে ও দেশের বাহিরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে।’

এ সময় আমান উল্লাহ আমান শিক্ষার্থীদের সময়মতো স্কুলে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, অভিভাবক ও শিক্ষকদের সম্মান করা এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ পাঠ করান।