শিরোনাম

ঢাকা, ১ জুলাই, ২০২৬ (বাসস) : ঢাকা মহানগরীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে অধিকতর শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বাস টার্মিনাল ও ডিপো স্থানান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করা হয়েছে।
আজ বুধবার এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকৃত স্থানসমূহ হলো পূর্বাচল ৩ নম্বর ও ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল, চুনকুটিয়া, তেঘরিয়া আন্ডারপাস, হাসনাবাদ, কাঁচপুর ও ফুলবাড়িয়া এলাকা।
পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন সংসদ সদস্য (পাবনা-৫) অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম. আজাদ রহমান, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং পরিবহন খাতের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট স্থানসমূহের বিদ্যমান অবকাঠামো, যানবাহন চলাচলের সক্ষমতা, সংযোগ সড়ক ও ভূমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ বাস টার্মিনাল বা ডিপো স্থাপনের বিষয়ে সার্বিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি ঢাকা মহানগরীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থাকে অধিক কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।