বাসস
  ০১ জুলাই ২০২৬, ২০:৪৩

ফেনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেনী, ১ জুলাই, ২০২৬, (বাসস): জেলার সোনাগাজীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী মো. ইব্রাহীম খলিল নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেলের দিকে উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকায় এক বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মো. ইব্রাহীম খলিল উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া জমাদার বাজার এলাকার ইকবাল হোসেনের ছেলে।

শিশুটির চাচা জামাল উদ্দিন বলেন, বুধবার বিকেলে শিশুটিকে নাস্তা খাইয়ে তার মা ঘরের সামনে উঠানে অন্যদের সঙ্গে খেলা করতে দিয়ে পাশে রান্না ঘরে কাজ করছিলেন।

এসময় মায়ের অজান্তে শিশু ইব্রাহীম ঘরের পাশে পুকুরে চলে যায়। কাজ শেষে ইব্রাহীমের সাড়া শব্দ না পেয়ে তাকে আশপাশে খুঁজতে থাকে তার মা। শিশুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন ঘরের পাশে পুকুরে যায়।

এসময় শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত স্যাকমো মো.আবদুল কুদ্দুস বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।