বাসস
  ০১ জুলাই ২০২৬, ২০:৫৬

ঝালকাঠির বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন

ছবি : বাসস

ঝালকাঠি, ১ জুলাই, ২০২৬, (বাসস): জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার বিকেল ৫টায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. নিলয় পাশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনের পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির উদ্যোগে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি বলেন, বর্তমান সরকার একদিকে মরে যাওয়া খাল খনন করে কৃষকদের চাষাবাদে সহযোগিতা করছে,  অপরদিকে খরস্রতা নদীর ভাঙনের গ্রাস থেকে নদী তীরের মানুষকে রক্ষা করার জন্য জিও ব্যাগ ফেলাসহ ব্লক ফেলার কাজ করছে।

তিনি আরও বলেন, বিষখালী নদীর ভাঙন থেকে রাজাপুর এবং কাঠালিয়ার মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।

আলোচনা সভায় জানানো হয়, নদীর ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ৪টি প্যাকেজের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

একই সঙ্গে বিষখালী নদীর এই অংশে স্থায়ী নদী সংরক্ষণ স্কিম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্কিমটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।