বাসস
  ০১ জুলাই ২০২৬, ২০:২৫

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের খতিব নিহত

নোয়াখালী, ১ জুলাই, ২০২৬ (বাসস): জেলার সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায়  উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাফেজ মুফতি মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে। তিনি উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টি হয়। মাকছুদ ফজরের নামাজ পড়ানোর জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন।

যাত্রা পথে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বাসসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।