শিরোনাম

ঢাকা, ৩০ জুন ২০২৬ (বাসস): সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড|
আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান|
তিনি বলেন, ‘সূচনালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে| এসকল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে|’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট থেকে 'এফবি সামিহা' নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ গত বৃহস্পতিবার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়| সোমবার সকাল ৯টায় সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে| দুপুর ১টায় বোটের একজন মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর কাছে সহায়তা চান| তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড সেখানে উদ্ধার অভিযান চালিয়ে বিকল বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করে এবং তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেয়|
উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোটটি পরে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়| জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি|