শিরোনাম

যশোর, ২৯ জুন, ২০২৬, (বাসস): নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার মহাকবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে সাগরদাঁড়িতে কেশবপুর উপজেলা প্রশাসন, মধুসূদন একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহাকবির আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
পরে দুপুর ১২টায় মধুসূদন একাডেমিতে মহাকবির জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মহাকবির জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান ড. মো. দুলাল হোসেন।
মধুসূদন একাডেমির চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুসূদন একাডেমির পরিচালক খসরু পারভেজ, সাগরদাঁড়ির আবু শারাফ সাদেক বাণিজ্য ও কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কানাইলা ভট্টাচার্য, মধুসূদন একাডেমির উপ-পরিচালক কবি মকবুল মাহফুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান প্রমুখ।
আলোচনা সভা শেষে একইস্থানে বিকেলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।