বাসস
  ২৯ জুন ২০২৬, ২০:২০

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ জুন, ২০২৬ (বাসস): ইউরোপীয় ইউনিয়ন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে গ্লোবাল পোর্টস সেফটি প্রকল্পের আওতায় দুই সপ্তাহব্যাপী ‘রিজিওনাল ট্রেনিং কোর্স অন ইন্ডাস্ট্রিয়াল সেফটি’ শুরু হয়েছে। প্রশিক্ষণে ফ্রান্স, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ২০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

সোমবার (২৯ জুন) চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, সমুদ্রবন্দরগুলোর শিল্প নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও চট্টগ্রাম বন্দর এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের শিল্প ঝুঁকি মোকাবিলায় দক্ষতা বৃদ্ধি করবে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, শিল্প নিরাপত্তা বিশেষজ্ঞ অলিভিয়ার সালভির পরিচালনায় প্রশিক্ষণে আধুনিক কনটেইনার টার্মিনাল, তেল ও গ্যাস অপারেশন, তরল হাইড্রোকার্বন ডিপো এবং রাসায়নিক সংরক্ষণাগারের ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

অংশগ্রহণকারীরা ইউরোপীয় কমিশনের ADAM সফটওয়্যার এবং ইনেরিসের PRIMARISK প্ল্যাটফর্ম ব্যবহার করে পুল ফায়ার, বিষাক্ত গ্যাস নিঃসরণ ও বিস্ফোরণের মতো সম্ভাব্য বড় দুর্ঘটনার সিমুলেশন এবং নিরাপদ দূরত্ব নির্ধারণের কৌশল শিখবেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে স্থানীয় তেল টার্মিনাল ও ডিপো পরিদর্শনেরও ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বাস্তব পরিস্থিতিতে ঝুঁকি শনাক্ত ও কার্যকর নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের অভিজ্ঞতা অর্জন করা যায়।

এছাড়া গ্লোবালি হারমোনাইজড সিস্টেম (GHS), জাতিসংঘের বিপজ্জনক পণ্য পরিবহন বিষয়ক বিধিমালা এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস গুডস (IMDG) কোড সম্পর্কেও বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা জরুরি পরিস্থিতি মোকাবিলা, শিল্প দুর্ঘটনা প্রতিরোধ এবং চট্টগ্রাম বন্দরের নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে আরও দক্ষ হয়ে উঠবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান মো. আবদুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর সাঈদ ইমাম।