বাসস
  ২৯ জুন ২০২৬, ১৯:৫৩

রাজধানীতে ৮ জনকে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদণ্ড র‌্যাবের

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চারজনকে অর্থদণ্ড দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

আজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ জনকে আটক করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, দালাল চক্র চিকিৎসা সেবা গ্রহীতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের দ্রুত ও ভালো সেবা প্রদান করার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিল। দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারি সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো।

র‌্যাব-২ এর একটি আভিযানিক দল র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের (উপসচিব) নেতৃত্বে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গুু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।