বাসস
  ২৯ জুন ২০২৬, ১৯:১২

ভূমি মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে শাস্তির মুখোমুখি ২ কর্মচারী

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস): অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তাদের মধ্যে রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনা অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। সবশেষ তিনি পাবনার বেড়ায় সেটেলমেন্ট অফিসে কর্মরত ছিলেন।

অন্যদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে বেতন গ্রেডের এক ধাপ নিচে নামিয়ে লঘু দণ্ড দেওয়া হয়েছে।

ভূমি সেবাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করে আরও জনকল্যাণমুখী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের যে কোনো রকমের অনিয়ম প্রতিরোধের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কঠোর অবস্থান বজায় থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।