শিরোনাম

বরিশাল, ২৯ জুন, ২০২৬ (বাসস) : জেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ভাড়া বাড়ছে না বলে জানিয়েছে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন।
হঠাৎ করে বরিশাল নগরীতে চলাচলরত সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা নানা অজুহাতে ভাড়া বৃদ্ধি করে। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গতকাল বোরবার বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং অটোরিকশা আটক করে এর প্রতিবাদ জানায়।
এরই প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে বরিশাল সিটি কপোরেশনের সভাকক্ষে এক আলোচনা সভা করে বিসিসি। এ সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শিক্ষার্থীসহ অটোচালকরা উপস্থিত ছিলেন।
সভায় বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় পূর্বের ভাড়া বহাল থাকবে। কোনো ধরনের ভাড়া বৃদ্ধি করা যাবে না। কেউ বাড়তি ভাড়া চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জানান, আজ (সোমবার) থেকে শহরের অবৈধ সব যানবাহনের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।
বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, যারা অবৈধভাবে অটোরিকশা তৈরি করছে, সেসব কারখানা বন্ধ করে দেয়া হবে। আমরা শৃঙ্খলা ফেরাতে চাই।