শিরোনাম

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
প্রশাসক বলেন, গত ১৭ বছরে ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে ও দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে।
আজ মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
মো. শফিকুল ইসলাম খান বলেন, দখল হওয়া এ সব খাল উদ্ধার করা না গেলে, ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব হবে না।
এ সময় তিনি আরও বলেন, নগরবাসীকে জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করতে এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে ডিএনসিসি’র আওতাধীন ২৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
ডিএনসিসি’র প্রশাসক বলেন, ‘এ কাজে যত বাধাই আসুক না কেন, সেগুলো অতিক্রম করা হবে।’
মো. শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ দূষণ কমাতে ও রাজধানীকে সবুজায়ন করার লক্ষ্যে সবাইকে ছাদ বাগান গড়ে তুলতে হবে। তবে ছাদে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
ছাদে পানি না জমে যেন ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য ডিএনসিসি’র প্রশাসক সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করতে হবে।
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসারও আহ্বান জানান মো. শফিকুল ইসলাম খান।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সরকার জনগণের স্বার্থেই কাজ করে যাবে।
কর্মসূচি শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন অংশ নেন।