শিরোনাম

সাতক্ষীরা, ২৯ জুন ২০২৬ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের নীলডুমুর বাজারের খেয়াঘাট সংলগ্ন একটি হার্ডওয়্যারের দোকান থেকে ৬ ফুট ১০ ইঞ্চি লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। আজ সকালে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ)-এর সদস্যরা সাপটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুন আজ সকালে তার হার্ডওয়্যার দোকান খুলতে গেলে দোকানের ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে।
বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। এদিকে, বিশাল আকৃতির এই সাপটি এক নজর দেখার জন্য সেখানে বিপুলসংখ্যক মানুষ ভিড় করছেন।
বনবিভাগের বুড়িগোয়ালিনি স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, সাপটি লম্বায় ৫ ফুট ১০ ইঞ্চি। আনুমানিক ওজন ২৮ কেজি। উদ্ধার করা অজগরটি বর্তমানে সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। একইসাথে জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।