বাসস
  ২৮ জুন ২০২৬, ২১:১৮

আর্থিক সংকটে ভর্তি অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীকে সহায়তা করলেন ছাত্রদল নেতা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : আর্থিক সংকটের কারণে ভর্তি অনিশ্চয়তায় পড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান মেধাবী ওই ছাত্রী। তবে চরম আর্থিক সংকটের কারণে ভর্তি ফি জোগাড় করতে না পারায় তার ভর্তি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে।

এমন পরিস্থিতিতে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক ব্যক্তিগত উদ্যোগে ওই শিক্ষার্থীর সাহায্যে এগিয়ে আসেন। 

আজ রোববার বিকেলে তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সহায়তা পাঠান, যাতে আগামীকাল সোমবার (২৯ জুন) নির্ধারিত সময়ের মধ্যে ওই ছাত্রী তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

সহায়তা পেয়ে ওই ছাত্রী বলেন, ‘ভর্তির টাকা জোগাড় করতে না পারায় আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম। মনে হচ্ছিল, হয়ত আর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হবে না। ঠিক সেই সময়ে তারিক ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। তার এই সহযোগিতা শুধু আমাকে ভর্তি হওয়ার সুযোগই করে দেয়নি, নতুন করে স্বপ্ন দেখার সাহসও দিয়েছে। আগে থেকেই তার মানবিক কাজের কথা শুনেছিলাম বলেই সাহস করে সাহায্যের আবেদন করেছিলাম।’

এ বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ‘মানবিকতা ‘রাজনীতির ঊর্ধ্বে। ওই শিক্ষার্থীর নিজ জেলা গাইবান্ধার এক ছাত্রনেতার মাধ্যমে জানতে পারি, টাকার অভাবে মেয়েটি ভর্তি হতে পারছে না। পরে তার সঙ্গে ফোনে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হই। একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ শুধু অর্থের অভাবে থেমে যাক-এটি মেনে নেওয়া যায় না। তাই ব্যক্তিগত উদ্যোগেই তার ভর্তির সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির প্রকৃত উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। একজন শিক্ষার্থীর স্বপ্ন বাঁচাতে সামান্য অবদান রাখতে পেরে আমি আনন্দিত। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন আর থেমে থাকবে না।’