বাসস
  ২৮ জুন ২০২৬, ২১:১৩

তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য ভিত্তিহীন : ফারুক হোসেন 

ছবি : বাসস

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার তুরাগে মরদেহ উদ্ধার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকা- কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একইসঙ্গে এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা দায়ের করা হয়নি।

আজ রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার হওয়া সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখেছে। বিষয়টি অনুসন্ধানে প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। 

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানা পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে ওই দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায় কোনো অভিযোগ, তথ্য কিংবা ঘটনার সত্যতা সমর্থনকারী কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার, বিশ্বাস করা বা তা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। 

তিনি বলেন, কোনো গুজব, বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই ধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু ডিএমপির আওতাধীন এলাকার কথা বলতে পারি। ডিএমপিতে এরকম কিছু ঘটেনি।