শিরোনাম

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংক আজ ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলের গুরুত্বপূর্ণ কয়েকটি বিধান সংশোধন করেছে। এ সংশোধনের মাধ্যমে তহবিলের অর্থের উৎস হালনাগাদ করা হয়েছে এবং এ পুনঃঅর্থায়ন কর্মসূচির মেয়াদ পুনর্ব্যক্ত করা হয়েছে।
এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ এক সার্কুলার জারি করে ২০২৩ সালের ৮ জুন জারি করা মূল নির্দেশিকার ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদ প্রতিস্থাপন করেছে।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল নির্ধারিত ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে সংগ্রহ করা হবে, যা বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকবে।
এ ব্যাখ্যার মাধ্যমে কৃষি ঋণ সহায়তার উদ্দেশ্যে গঠিত এ পুনঃঅর্থায়ন তহবিলের অর্থায়ন কাঠামো আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, পুনঃঅর্থায়ন কর্মসূচিটি মূল সার্কুলার জারির তারিখ অর্থাৎ ২০২৩ সালের ৮ জুন থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ পুনঃঅর্থায়ন সুবিধার লক্ষ্য হলো দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং গ্রামীণ এলাকায় অর্থনৈতিক কর্মকা- সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
সার্কুলারে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৮ জুন জারি করা কৃষি ঋণ বিভাগ (এসিডি) সার্কুলার নং-০১-এর অন্যান্য সব ধারা অপরিবর্তিত থাকবে এবং আগের মতোই কার্যকর থাকবে।